প্রোগ্রামিং প্রতিযোগিতায় সুবর্ণজয়ন্তী পালন করলো সিটি ইউনিভার্সিটি

২৬ মার্চ, ২০২১ ২০:০১  
সি, সি প্লাস প্লাস ও জাভা প্রোগ্রামিংয়ে সমস্যার সমাধান করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলো দেশের ৩০ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী। সিটি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেল ৫ ঘণ্টা ধরে চলে এই প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় ছাড়াও এইচ এস সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভার্চুয়াল জাজ (vjudge.net) প্লাটফর্মে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি পরিচালনা করেন সিটি ইউনিভার্সিটির সিএসই বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে যথাক্রমে হাসিব, নাহিদ, মাহমুদ, আল-মুজাহিদ, শাকিব হোসেন। মোট ১২টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ১০ টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে প্রথম, ৪টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে দ্বিতীয় ও তৃতীয়, ২টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করে। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ডায়নামিক প্রোগ্রামিং, গ্রিডি মেথডস, এডহক প্রোগ্রাম, নাম্বার থিওরি, কম্বিনেশন ম্যাথমেটিকস, ক্রিপ্টোগ্রাফি, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ এবং মিনিমাম স্প্যানিং ট্রি ব্যবহার করে সমস্যা সমাধান করে বিজয়ী হয় তারা।